জয়পুরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে নির্বাচনী প্রস্তুতিতে আরেক ধাপ এগিয়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার দুইটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পেলেন জয়পুরহাট-১ আসন (সদর ও পাঁচবিবি) থেকে বিএনপি দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান ধানের শীষ, জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ ( দাঁড়ি পাল্লা), বাসদের ওয়াজেদ পারভেজ (মই), বাসদ (মার্কসবাদী) তৌফিকা দেওয়ান (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা (ঘোড়া )।
অন্যদিকে জয়পুরহাট-২ আসন (ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর) থেকে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস এম রাসেদুল আলম সবুজ (দাঁড়ি পাল্লা) এবং এবি পার্টির এস এ জাহিদ হোসেন (ঈগল)।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতীক বরাদ্দের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে প্রস্তুতি নিচ্ছেন।
রিপোটার্স ২৪/এসসি