যশোর প্রতিনিধি: পবিত্র হজ ও ওমরাহ পালনের মহান ইবাদতকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের কেশবপুরে যাত্রা শুরু করেছে নতুন হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘হজ ও ওমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২১ জানুয়ারি) কেশবপুর বাজারের সাগরদাঁড়ি রোডে (গরু হাট সংলগ্ন) অবস্থিত কার্যালয়ে আয়োজিত উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুউদ আল আজহার, নুরুল ইসলাম, আহসান হাবীব, আসীম শারার, জাহিদ হাসান নান্টু, মোস্তফা কামাল, আসাদুর রহমানসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিদের আবেগঘন অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য ধর্মীয় পরিবেশে রূপ নেয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হজ ও ওমরাহ একটি জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত আদায়ে সামান্য অবহেলাও বড় ভোগান্তির কারণ হতে পারে। তাই হজ ও ওমরাহ যাত্রীদের জন্য অভিজ্ঞ, সৎ ও বিশ্বস্ত ট্রাভেলস এজেন্সির বিকল্প নেই। তাঁরা আশা প্রকাশ করেন, “হজ ও ওমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস” সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে হাজী ও ওমরাহ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই এজেন্সি থেকে হজ ও ওমরাহ ভিসা প্রসেসিং, বিমান টিকিট, সৌদি আরবসহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসাসহ সংশ্লিষ্ট সকল সেবা প্রদান করা হবে। অভিজ্ঞ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ও ওমরাহ কার্যক্রমকে সহজ ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ আহসান হাবীব (হাসান) বলেন, এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং আল্লাহর ঘরের মেহমানদের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। আমরা চাই সততা ও আন্তরিকতার সঙ্গে হজ ও ওমরাহ যাত্রীদের পাশে থাকতে। কোনো প্রকার প্রতারণা বা হয়রানির সুযোগ এখানে থাকবে না।
তিনি আরও বলেন, অভিজ্ঞ লোকবল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে হাজীদের যাত্রা থেকে শুরু করে ইবাদত সম্পন্ন করা পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
স্থানীয় এলাকাবাসী নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কেশবপুর এলাকায় একটি নির্ভরযোগ্য হজ ও ওমরাহ এজেন্সির দীর্ঘদিনের চাহিদা ছিল। “হজ ও ওমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস” সেই চাহিদা পূরণ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোটার্স ২৪/এসসি