তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) উপজেলার তালদিঘী খেলার মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক। উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহামেদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে এদিন ‘ভোটের গাড়ি’ (সুপার ক্যারাভ্যান) প্রচারণা ও অবহিতকরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন এবং ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল রহমান রাকিব।
সমাবেশে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও জুলাই যোদ্ধাগণ, সংবাদমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা গণভোট ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নারীদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে ভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।
রিপোটার্স ২৪/এসসি