সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রেজাউল করিম সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে কুমারপাড়া এলাকায় রাস্তার পাশে রেজাউল করিমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে ওই বাড়িতে থাকা ওহাব আলীর মা ছাবিহা (৭৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোটার্স ২৪/এসসি