| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের ইতিহাসে প্রথমবার: কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১২৯ বন্দি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:৫৪:৫৩:অপরাহ্ন  |  ৮৭৫০৪১ বার পঠিত
যশোরের ইতিহাসে প্রথমবার: কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১২৯ বন্দি

বেনাপোল প্রতিনিধি: ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে যশোরে। এ উদ্যোগের অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে অনলাইনে তাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইন নিবন্ধন কার্যক্রম চলে। বন্দিদের আগ্রহ থাকলেও জাতীয় পরিচয়পত্রের অভাব, কারিগরি জটিলতা কিংবা জামিনে মুক্তির সম্ভাবনার কারণে অনেকে আবেদন করতে পারেননি। সব মিলিয়ে ১২৯ জন বন্দি নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেন।

কারা সূত্র জানায়, পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর বন্দিরা কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসেই ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীক সংক্রান্ত তথ্য বুকলেট আকারে সরবরাহ করা হবে, যাতে ভোট প্রদানের ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

নির্বাচন কমিশন নিবন্ধিত বন্দিদের জন্য আলাদা খামে ভোট সংক্রান্ত নির্দেশনা, ব্যালট পেপার ও স্বাক্ষর ফরম পাঠাবে। বন্দিরা ব্যালট পেপারে ভোট প্রদান করে খাম সিল করবেন। এরপর ব্যালট পেপার ও স্বাক্ষরসংবলিত কাগজ পৃথক খামে ভরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। সেগুলো ডাক বিভাগের মাধ্যমে এক্সপ্রেস সার্ভিসে নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটের সঙ্গে যুক্ত করা হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, নিবন্ধিত কোনো বন্দি জামিনে মুক্তি পেলেও ভোটাধিকার প্রয়োগের জন্য তাকে কারাগারে নির্ধারিত বুথে এসে ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে তিনি পুনরায় কারাগার ত্যাগ করবেন।

এ বিষয়ে কারা জেলার আবিদ হাসান বলেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়ে বন্দিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটের জন্য কারা কর্তৃপক্ষ একটি বিশেষ টিম গঠন করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসান জানান, বন্দিদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪