বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির নুরুজ্জামান লিটন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের বক্তিয়ার রহমান (হাতপাখা)।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী রয়েছেন, বিএনপির সাবিরা সুলতানা (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী (হাতপাখা), বাসদের ইমরান খান (মই), স্বতন্ত্র জহুরুল ইসলাম (ঘোড়া) ও মেহেদী হাসান (ফুটবল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শামছুল হক (টেলিভিশন) এবং এবি পার্টির রিপন মাহমুদ (ঈগল)।
যশোর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ), জামায়াতের আব্দুল কাদের (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মুহাম্মদ শোয়াইব হোসেন (হাতপাখা), জাতীয় পার্টির খবির গাজী (লাঙ্গল), জাগপার নিজামউদ্দীন অমিত (চশমা) ও সিপিবির রাশেদ খান (কাস্তে)।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে লড়াই করছেন, বিএনপির মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ), স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটরসাইকেল), জামায়াতের গোলাম রসুল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের বায়েজীদ হোসাইন (হাতপাখা), জাতীয় পার্টির জহুরুল হক (লাঙ্গল), খেলাফত মজলিসের আশেক এলাহী (দেয়ালঘড়ি) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল (রকেট)।
যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রার্থীরা হলেন, বিএনপির রশীদ আহমদ (ধানের শীষ), জামায়াতের গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির এম এ হালিম (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জয়নাল আবেদীন (হাতপাখা) ও স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন (কলস)।
যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জামায়াতের মোক্তার আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির জিএম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম (হাতপাখা) ও এবি পার্টির মাহমুদ হাসান (ঈগল)।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, যশোরের ছয়টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৬৭৯টি কক্ষে দায়িত্ব পালন করবেন ১৪ হাজার ৮৬১ জন নির্বাচন কর্মকর্তা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম