| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে : অভিযোগ দশ দলীয় জোট প্রার্থীর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২০:৪৩:১৯:অপরাহ্ন  |  ৮৭৭২৯৮ বার পঠিত
আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে : অভিযোগ দশ দলীয় জোট প্রার্থীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেছেন, কয়েকজন প্রার্থীর লোকজন প্রকাশ্যে ও গোপনে তাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে বলছে, ভোট হবে টাকা- সন্ত্রাস ও পেশিশক্তির মাধ্যমে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নগরীর হাজিগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ভোটকে অর্থ ও সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করার শামিল। কেউ যদি ভোটাধিকার হরণ বা বাধাগ্রস্ত করতে চায়, তাহলে নারায়ণগঞ্জের জনগণই তা প্রতিহত করবে।

তিনি বলেন, এর আগে নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমানকে পালাতে বাধ্য করা হয়েছিল। ভবিষ্যতেও কেউ যদি গায়ের জোরের রাজনীতি করতে চায়, জনগণ তাদের একই পরিণতির মুখে ফেলবে।

ভোট নিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি আরও বলেন, যেভাবে ফ্যাসিস্টদের দেশ থেকে নির্মূল করা হয়েছে, ঠিক সেভাবেই নব্য ফ্যাসিস্টদেরও জনগণ দমন করবে।

এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণার সূচনায় আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই যাত্রা শুরু হয়েছে। তিনি এই নির্বাচনী প্রচারণাকে ‘নারায়ণগঞ্জের পরিবর্তনের যাত্রা’ হিসেবে উল্লেখ করেন।

দশ দলীয় জোটের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, জোটের সব প্রার্থীকে বিজয়ী করাই তাদের রাজনৈতিক দায়িত্ব। সেই লক্ষ্যেই মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন এবং ভবিষ্যতেও মাঠে থাকবেন বলে জানান তিনি।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪