নীলফামারী প্রতিনিধি: প্রতীক পাওয়ার পর নীলফামারীর নির্বাচনী মাঠে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ধানের শীষ প্রতিকের সর্ববৃহৎ শোডাউনের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রুবেল চত্তরে শেষ হয়।
বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ডিসি অফিসের সামনে জমায়েত হয়ে মিছিলের অংশ নেন। শোডাউনে প্রায় ১২ থেকে ১৩ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। নীলফামারী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
অপরদিকে, নীলফামারী উন্নয়ন মঞ্চের আয়োজনে শ্রমিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী এবং নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন।
শোডাউনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রার্থী স্থানীয় প্রচারণা শুরু করেন। শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের মন জয় করতে আঞ্চলিক ভাষায় প্রচার কার্যক্রম চলছিল।
রিপোটার্স ২৪/এসসি