| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রচারণার প্রথম দিনেই নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০০:০৫:২১:পূর্বাহ্ন  |  ৯০৯৬৮৩ বার পঠিত
প্রচারণার প্রথম দিনেই নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাঠে নেমে আসায় প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রচারণার প্রথম দিন সকাল থেকেই জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও ওয়ার্ড এলাকায় প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে আশপাশ। কোথাও পথসভা, কোথাও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া—সব মিলিয়ে নির্বাচনী আমেজে প্রাণ ফিরে পেয়েছে নারায়ণগঞ্জ।

প্রচারণার শুরুতেই অনেক প্রার্থী জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। কেউ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, কেউ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর নিজ নিজ এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট প্রার্থনা করেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সকাল সাড়ে ৯টায় ১৮ নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন। পথসভা ও গণসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি ১৭ নম্বর ওয়ার্ডে আরেক দফা প্রচারণায় অংশ নেন।

দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এ সময় জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটের শরিক দলগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে তিনি গণসংযোগে নেমে ভোটারদের কাছে নিজের রাজনৈতিক অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বন্দর থানার ১১ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকে প্রচারণা শুরু করেন। তিনি জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সমস্যা ও প্রত্যাশা শোনেন।

গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম নবীগঞ্জের পবিত্র কদম রসূল (সা.) দরগাহ জিয়ারত ও গণঅভ্যুত্থানে শহীদ স্বজনের কবর জিয়ারত করে দোয়া দেন। এরপর তিনি এলাকায় গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহও প্রথম দিনেই বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে দশ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন সকালে হাজীগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দোয়া করে প্রচারণা শুরু করেন। পরে তিনি ফতুল্লার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। একই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহ আলম এবং বিএনপি জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীও নিজ নিজ সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

এ ছাড়া নারায়ণগঞ্জ-১, ২ ও ৩ আসনেও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।

দীর্ঘদিন পর ভোটের মাঠে প্রার্থীদের সরব উপস্থিতি ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়িয়েছে। অনেক ভোটার প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ তুলে ধরছেন। প্রার্থীরাও এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪