| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যালট বাক্সে হাত দিতে দেওয়া হবে না: জামায়াত নেতার হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০০:২৫:১৯:পূর্বাহ্ন  |  ৮৭১৪১৮ বার পঠিত
ব্যালট বাক্সে হাত দিতে দেওয়া হবে না: জামায়াত নেতার হুঁশিয়ারি

চট্টগ্রাম প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, আমরা ভোটকেন্দ্র দখল করতে যাবো না। তবে যারা ভোটকেন্দ্র দখল করতে চাইবে, তাদের পরিবার থেকে বিদায় নিয়েই বের হতে হবে। তিনি বলেন, মা–বোন, ছেলে–মেয়েসহ সবার কাছ থেকে শেষ সালাম নিয়ে তারপর ভোটকেন্দ্রে আসতে হবে। আমরা কাউকে আঘাত করতে চাই না। কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১০ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মীরসরাই পৌর সদরের উষা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। কিন্তু কেউ যদি ব্যালট বাক্সে হাত দেয়, তাহলে জনগণ তা প্রতিহত করবে। তাঁর বক্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা রোধ ও ভোটাধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

সমাবেশে প্রধান বক্তা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তিনি দাবি করেন, দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে এবং জামায়াত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ নুরের নবীর সভাপতিত্বে এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর ও অধ্যাপক বোরহান উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, এনসিপি নেতা অধ্যাপক আশরাফুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মফিজুল ইসলাম সিদ্দিকী, মীরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অন্যান্য নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪