মাগুরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই মাগুরা সদর উপজেলার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ করার জন্য ভোটকেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে ক্যামেরার একটি ভাঙে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে শনাক্ত করা হয়েছে, যারা এ ঘটনায় জড়িত থাকতে পারে। বিদ্যালয়ের সামনে বড় খেলার মাঠ এবং পাশের নিরিবিলি সড়কের কারণে সিসিটিভি স্থাপন করা হয়েছিল।
মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার পর এলাকাজুড়ে ভোটকেন্দ্রে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সচেতন মহল মনে করছে, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে ভোটকেন্দ্রে এ ধরনের ঘটনা উদ্বেগজনক এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
রিপোর্টার্স২৪/বাবি