ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌর এলাকার পাগলপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে থানায় ডেকে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় রোমিও-১১ টিমের সদস্যরা নিয়মিত মোটরসাইকেল তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়া (এজাজ)-এর পেছন থেকে ধারালো দা দিয়ে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আহত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মাদক ও বেকারত্বের কারণে এলাকায় যুব সমাজের অবক্ষয় ঘটছে। ছেলের অপরাধের দায় বাবার ওপর চাপানো ঠিক নয়। তবে অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রিপোটার্স ২৪/এসসি