জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন জলপাইতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার করা হয়েছে, মো. রেজাউল করিম শরিফ (৩৫) ও মো. নাজমুল ইসলাম (৪০)কে। তারা দুজনই চিহ্নিত মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়ারা মাদক বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার রেজাউল করিম শরিফ পশ্চিম বিরনগর (পুটারবিল) এলাকার রইচ উদ্দিন প্রামানিকের ছেলে এবং নাজমুল ইসলাম জলপাইতলী এলাকার মো. ইসমাইল ইসলামের ছেলে। উভয়ের বাড়ি পাঁচবিবি থানাধীন।
র্যাব জানায়, মাদকসেবী ও মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোটার্স ২৪/এসসি