বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরের ভারতীয় সীমানার সাগরদ্বীপ এলাকা থেকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে উদ্ধার জেলে আব্দুল মান্নান (২২)-কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী উপজেলার ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরদিন ১৮ জানুয়ারি বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে পানিতে পড়ে যান।
ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মায় হস্তান্তর করে।
পরে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে।
উদ্ধার জেলেকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। পরে ওই জেলেকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। শরণখোলা থানা পরবর্তীতে জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দলগার্ড গ্রামের জাকের আহমেদের ছেলে।
রিপোর্টার্স২৪/এসএন