রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলী এলাকায় চালবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রাঙ্গামাটি উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম মোমিনা বেগম (৬০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী চালবোঝাই ট্রাকটি শিমুলতলী এলাকায় উঁচু পাহাড়ি রাস্তা ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি দ্রুতগতিতে পেছনের দিকে নেমে এসে পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রীর মধ্যে চারজন দ্রুত নেমে আসতে পারলেও মোমিনা বেগম নামতে না পারায় ট্রাকের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন