| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:২০:২৫:অপরাহ্ন  |  ৮৯৫৬১৬ বার পঠিত
চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব এম হাফিজ উদ্দিন খান (৮৯) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

জানাযা ও দাফন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিহতের মামাতো ভাই লিয়াকত আলী জানান, গত বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরার ১ নম্বর সেক্টরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে এম হাফিজ উদ্দিন খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে তার মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে আনা হয়।

এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থ, পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করতেন।

সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ উদ্দিন খান একজন সৎ ও নির্লোভ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কানাডাপ্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪