সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু অন্তত ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে আসা জেলেরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে নিয়ে যায়। জেলেদের দাবি, দস্যুদের মধ্যে ২০১৮ সালে ‘ডন বাহিনী’ পরিচয়ে আত্মসমর্পণ করা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের শাহাজান ও শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে তারা চিনতে পেরেছেন।
অপহরণ হওয়া জেলেদের মধ্যে মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনজন, মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুইজন, উলোবাড়ি খাল থেকে দুইজন, রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে তিনজন জেলে অন্তর্ভুক্ত রয়েছে। পরে আরও নয় জেলেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয়।
অপহৃতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়। নিরাপত্তাজনিত কারণে তাদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, শুক্রবার রাতে বিষয়টি জানতে পেরেছি। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি