ঠাকুরগাঁও প্রতিনিধি: আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালালেও যারা অন্যায় করেনি—দলের সেই পুরনো কর্মীদের শাস্তি হতে দেওয়া হবে না। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এখন একটা সুযোগ এসেছে। হাসিনা আপা ভারতে চলে গেছেন—গেছেন ভালো করেছেন। কিন্তু এখানে যারা তাঁর দলের পুরনো কর্মী, যারা অন্যায় করেনি, তাদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে; আর যারা করেনি, তাদের শাস্তি হতে দেবো না। আমরা আপনাদের পাশে আছি।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। বিকেলে দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজারে পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম চালান। এ সময় তিনি ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকাতেও গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করে ধানের শীষে ভোট চান।
শোল্টিহরি বাজারে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই এলাকা থেকে নির্বাচন করে কখনো জিতেছি, কখনো হেরেছি—কিন্তু কখনো আপনাদের ছেড়ে যাইনি। আমার বয়স ৭৮ হলেও মন এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার সমস্যার সমাধান করতে পারবো।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, মুসলমান-হিন্দু সবাই একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবো। আমাদের উন্নয়ন একসঙ্গেই হয়েছে, আগামীতেও হবে। কেউ আমাদের ভাগ করতে চাইলে আমরা তা হতে দেবো না। আমরা সবাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সমান নিরাপত্তা নিয়ে দেশ গড়তে চাই।
এ সময় জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, একটি দল আসছে—জামায়াত। তারা আগে ক্ষমতায় ছিল কি? মানুষের জন্য কী করেছে? বিএনপিই পরীক্ষিত দল। আমরা নতুন স্কুল, রাস্তাঘাট, হাসপাতাল গড়তে চাই, ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে চাই।
রিপো্র্টার্স২৪/বাবি