দাগনভূঞা প্রতিনিধি : ফেনী জেলার দাগনভূঞা উপজেলা থেকে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আশরাফুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে ওই দিন ভোর রাতে উপজেলার সিলোনিয়া এলাকা থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির সুপরিকল্পিত ছক কষছিলেন। তার উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। তার এই পরিকল্পনা জাতীয় নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়।
এতে আরও জানানো হয়, অভিযানের সময় তার কাছ থেকে ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তাকে গ্রেপ্তারের মাধ্যমে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে। সাধারণ জনগণ শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।
দাগনভূঞা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাকলাইন জানান, গ্রেপ্তার আশরাফুল ইসলাম আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য গোলযোগ সৃষ্টিকারী হিসেবে সন্দেহভাজন ছিলেন। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন। নির্বাচনকে ঘিরে কেউ সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, যৌথ বাহিনীর অভিযানে গতকাল ভোরে রামনগরের আরেক কুখ্যাত সন্ত্রাসী ডাকাত হুদনকেও গ্রেপ্তার করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন