নরসিংদী প্রতিনিধি: কয়েক দিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। আমরা যদি বলি, তাদের এইসব শিরকের জন্য, মুনাফেকির জন্য, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন—তাহলে কোথায় যাবে তারা?
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, শিরক, মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় নরসিংদী শহরের বাসাইল পৌর পার্কসংলগ্ন (ঢাকা–সিলেট) মহাসড়কের পাশে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি, নরসিংদী (সদর)-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনজুর এলাহী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুতের সঞ্চালনায় জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, একমাত্র তারাই মানুষকে রক্ষা করতে পারবে এবং এই দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, একজন তো দিল্লি পালিয়ে গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছেন? তিনি সবসময় বলেছেন—এই দেশের মাটিই আমার ঠিকানা, আমি কোথাও যাব না। তাই এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে।
যে স্বাধীনতা আমরা ৭১ সালে অর্জন করেছি, সেই স্বাধীনতা ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের ছাত্র-জনতা, নারী, শ্রমিক, পেশাজীবীসহ সব শ্রেণির মানুষ রক্ষা করেছে। আপনার কথা বলার অধিকার, ভোটের অধিকার তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে। তাই কথা বলতে হবে।
যেটা ভালো, সেটাকে ভালো বলতে হবে। আর যেটা মন্দ, সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয়, সেটার প্রতিবাদ করতে হবে। গত ১৫ বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল? ভোটের অধিকার দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবি মামলা। আর ছিল বিদেশে টাকা পাচার। সেজন্যই আজ রাস্তাঘাটের অবস্থা এমন খারাপ। স্কুল-কলেজ, হাসপাতালগুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে। যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই।
তিনি আরও বলেন, আমরা বলি—করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
পরে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
এদিকে তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে বিকেল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল করে যোগ দিতে থাকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হতেই সভাস্থলের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সন্ধ্যা পেরিয়ে রাত যত বাড়তে থাকে, নেতাকর্মী ও সমর্থকদের সংখ্যাও তত বাড়তে থাকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি ও সহসভাপতি আকবর হোসেন, সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, সহসভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, সহসভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজান মল্লিক, যুগ্ম সম্পাদক এম এন জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু ও সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মন প্রিন্স, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররেজ মোল্লা, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা. শহিদুল ইসলাম প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন