পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলায় একটি কলাবাগান থেকে হাসিবুর সরদার নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়া এলাকার একটি কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত হাসিবুর সরদার ওই এলাকার জহির সরদার ওরফে জহির ঘরামির ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল থেকে হাসিবুর বাড়িতে ফিরছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।
নিহতের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজমল পেশকারের মালিকানাধীন একটি তালাবদ্ধ কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা