বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ আলেকান্দার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানান, আগুনে সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি পাখির খাবারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, অধিকাংশ দোকান মালিক পিকনিক উপলক্ষে বরিশালের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/আয়েশা