| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের আট দিন পর ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৮:৫২:৩৫:অপরাহ্ন  |  ৮৯৪১৭৪ বার পঠিত
নিখোঁজের আট দিন পর ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে নিখোঁজের আট দিন পর ফজলে রাব্বি বাবু (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চৌপল্লী বাজারের পূর্ব পাশে বেলতলা আমিন শেখের বাড়ির পরিত্যক্ত বাথরুমের ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। নিহত বাবু পূর্ব আলাদাতপুর গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যা থেকে ফজলে রাব্বি বাবু তার মোটরসাইকেলসহ নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরদিন তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার দুই দিন আগে যে স্থানে মরদেহ পাওয়া গেছে, তার পাশের একটি বাগানে রক্তমাখা দড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

শনিবার দুপুরে রাব্বির বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পার্শ্ববর্তী গ্রাম চৌপল্লী বাজারের পাশে বেলতলা আমিন শেখের বাড়ির এক বৃদ্ধ বাসিন্দা শেখ মোহাম্মদ রাজু দুর্গন্ধ পেয়ে পরিত্যক্ত বাথরুমের ট্যাংকের ঢাকনা আংশিক খোলা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ঢাকনা পুরোপুরি সরালে ভেতরে ফজলে রাব্বি বাবুর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪