সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য এবং দেশবাসীর মাথায় কাঠাল ভেঙে খাওয়ার উদ্দেশ্যেই জাতিকে বিভক্ত রাখতে চায়।
তিনি আরও বলেন, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, নারী-পুরুষ-বৃদ্ধ-বনিতা—যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায়বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সেই ন্যায়বিচার সমাজের সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধে দেশের প্রেসিডেন্ট করলেও তাঁরও সমান বিচার হবে। কারও জন্য সোনার তলোয়ার, কারও জন্য ইস্পাতের তলোয়ার হবে না।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের নির্বাচনী বক্তব্যের সমালোচনা না করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনী ময়দানে অনেকে তাদের রুচি অনুযায়ী বক্তব্য দেবে, আমাদের সমালোচনা করবে, গালি দেবে। দয়া করে আপনারা তাদের গালি দেবেন না। আমরা সমালোচনা করলে যৌক্তিক সমালোচনা করব।
জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ জেলার ছয়টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন।
রিপোর্টার্স২৪/এসএন