শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ (সখিপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সখিপুর থানার চরকুমারিয়া বাহেরচর মকবুল হোসেন মোল্লা কান্দি এলাকায় জামায়াতের নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর সময় ছাত্রদল নেতারা সেখানে এসে পোস্টার ছিনিয়ে নেওয়া ও হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওইদিন রাতেই প্রার্থীর বোন মোর্শেদা হক পাপিয়া তার নিজ বাড়ি সখিপুরের চরভাগা এলাকায় সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তাদের প্রচারণা চলছিল। এ সময় সখিপুর থানা ছাত্রদল নেতা মানিক মোল্লা, অশ্রু মোল্লা, হ্যাপি সহ কয়েকজন অনুসারী উপস্থিত হয়ে বিএনপির স্লোগান দিয়ে প্রচারণায় বাধা দেন। তারা পোস্টার ছিনিয়ে নিয়ে হুমকিমূলক আচরণ করে পরিস্থিতি উত্তপ্ত করে বলে অভিযোগ করেন।
মোর্শেদা হক পাপিয়া অভিযোগ করেন, বিএনপি পরিকল্পিতভাবে জামায়াতের নির্বাচনী প্রচারণা ব্যাহত করার চেষ্টা করছে, যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রবিরোধী এবং প্রশাসনের নিরবতার সুযোগ নিয়ে বারবার এমন বাধা দেওয়া হচ্ছে। তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নির্বিঘ্নে প্রচারণা চালানোর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী।
অভিযুক্ত ছাত্রদল নেতা মানিক মোল্লার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সখিপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার বিষয়টি টেলিফোনে জানতে পেরেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি