| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ মিনিটের দেখা, আজীবনের বিচ্ছেদ: পাশাপাশি কবরে মা ও সন্তান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৪:১৫:১৯:পূর্বাহ্ন  |  ৮৯৩৫০৫ বার পঠিত
পাঁচ মিনিটের দেখা, আজীবনের বিচ্ছেদ: পাশাপাশি কবরে মা ও সন্তান

বাগেরহাট প্রতিনিধি: সাদ্দামের শ্যালিকা কারাফটকে আহাজারি করতে করতে বলেন, সে তো খুনি না, রাজনৈতিক মামলায় আটক। তবুও প্রশাসন তাকে ছাড়ল না। সাদ্দাম শুধু দুলাভাই নয়, আমাদের বড় ভাইয়ের মতো ছিল।

বাগেরহাটে হৃদয়বিদারক পরিবেশে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান সেজাদ হোসেন নাজিফকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে মা ও শিশুকে একসঙ্গে চিরনিদ্রায় শুইয়ে দেওয়া হয়।

এর আগে শনিবার রাতে স্ত্রী ও সন্তানের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। স্বজনদের আবেদনের পর প্যারোলে মুক্তির অনুমতি না মিললেও, মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়সহ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়।

সে সময় প্রায় পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। কারাগারের ভেতরে ওই স্বল্প সময়ের মধ্যেই জীবনের সবচেয়ে কঠিন বিদায় সম্পন্ন হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে।

সাদ্দামের চাচাতো ভাই সাগর ফারাজী বলেন, স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পর আমরা কারাগারে যোগাযোগ করেছিলাম। কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। তিনি কোনো হত্যা মামলার আসামি নন, রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। মানবিক বিবেচনায় মুক্তির আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি।

রাতের আঁধারে জানাজা শেষে পাশাপাশি দুটি কবর খুঁড়ে মা ও শিশুকে দাফন করা হয়। এ সময় শোকস্তব্ধ পরিবেশে কান্না আর নিঃশব্দ দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশেই নিথর অবস্থায় পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিফকে।

পুলিশ ও সাদ্দামের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে কানিজ সুবর্ণা স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেন। পুলিশ জানায়, স্বর্ণালীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং শিশুটিকে ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪