সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। জনসভা শেষ হওয়ার পর মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের ফলে মাঠের বিভিন্ন স্থানে কাগজের টুকরো, পানির বোতলসহ নানা ধরনের আবর্জনা পড়ে যায়। তবে সভা শেষ হওয়ার পরপরই সেগুলো পরিষ্কার করতে মাঠে নামেন জামায়াতের নেতাকর্মীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভিডিওটি দেখে অনেক নেটিজেন জামায়াতে ইসলামীর এই উদ্যোগের প্রশংসা করে মন্তব্য করেন এবং একে রাজনৈতিক কর্মসূচির পর দায়িত্বশীল আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা যায়, দুপুর ২টায় শুরু হওয়া জনসভা বিকেল সোয়া ৪টার দিকে শেষ হয়। সভা শেষ হওয়ার পর সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল লতিফের নেতৃত্বে মাঠ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও অংশ নেন।
জনসভায় অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী আবুল কালাম বলেন, এই জনসভায় প্রায় দেড় থেকে দুই লাখ মানুষের সমাগম হয়েছিল। এত বড় আয়োজনের পর মাঠ কিছুটা অপরিচ্ছন্ন হওয়াই স্বাভাবিক। কিন্তু জামায়াতে ইসলামী যে দায়িত্বশীলতার সঙ্গে মাঠ পরিষ্কার করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দলের নির্দেশনা অনুযায়ী আমরাও এতে অংশ নিই।
সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ বলেন, ১০ দলীয় জোটের এই নির্বাচনি জনসভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বিপুল মানুষের উপস্থিতির কারণে মাঠে কাগজ ও খালি পানির বোতল পড়ে ছিল। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা সবাই মিলে সভাস্থল পরিষ্কার করেছি।
স্থানীয়দের অনেকেই মনে করছেন, রাজনৈতিক কর্মসূচি শেষে পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতে অন্য দলগুলোর জন্যও একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি