কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি কুমিল্লার তিনটি উপজেলায় পৃথকভাবে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় অংশ নেবেন। এই সফরকে ঘিরে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
জেলা বিএনপি সূত্রে আরও জানা গেছে, রোববার চট্টগ্রাম থেকে ফেনী হয়ে তারেক রহমান প্রথমে সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সব কর্মসূচি শেষে তিনি নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর দলীয় সাংগঠনিক শক্তি ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করবে। তিনি আরও জানান, সফরটি সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, এর আগে ২০০৫ সালে কুমিল্লা সফর করেছিলেন তারেক রহমান। সে সময় জেলা স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তবে দীর্ঘ ২১ বছর পর আবারও কুমিল্লায় আসায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি