কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: গণভোট ২০২৬ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণা কার্যক্রম।
‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো কালিহাতীতেও ভোটের গাড়ির মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কালিহাতী সদরের শহীদ শফি সিদ্দিকী তোরণ সংলগ্ন এলাকায় ভোটের গাড়িতে গণভোটের মূল ধারণা, এর আওতাভুক্ত বিষয়াবলি এবং ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়।
ভিডিওচিত্র প্রদর্শনীটি সরেজমিনে উপভোগ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, গণভোট হলো জনগণের মতামত সরাসরি রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ায় যুক্ত করার একটি শক্তিশালী ও গণতান্ত্রিক উপায়। সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের প্রচারণা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, গণভোট ২০২৬ সফলভাবে আয়োজন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন