| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১১:৫৪:১৯:পূর্বাহ্ন  |  ৮৭৪০৪৮ বার পঠিত
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতে এই আয়োজন বলে জানিয়েছে বিএনপি।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে- তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানি তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।

অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ মুহূর্তে আমাদের সুবিধা হল, আমাদের যুব শক্তি অনেক বেশি। যা আগামী ১৫-২০ বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাব। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই সেটা বলব।

তিনি বলেন, বললে অনেক কথা বলতে পারি- এ খারাপ ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে সেগুলো নিরসনে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন তা শুনতে চাই।

দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর আগেও একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।

মতবিনিময় সভা শেষে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪