কুষ্টিয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।
এ সময় কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, ২৬ জানুয়ারি কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা ডা. শফিকুর রহমান, আমিরে জামায়াত।
তিনি আরও বলেন, সমাবেশটি সকাল ৯টায় শুরু হবে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় আগমন করবেন। তিনি পুলিশ লাইনসের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে যাবেন। আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডা. শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন। কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।
আব্দুল গফুর বলেন, সমাবেশ সফল করতে মাঠ ও মঞ্চ প্রস্তুতসহ নিরাপত্তা ব্যবস্থাপনার সার্বিক কাজ ইতোমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। আজকের মধ্যেই বাকি প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে। সমাবেশে নারী-পুরুষ মিলিয়ে ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সমাবেশটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামায়াত আমিরের আগমনে নেতাকর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/এসএন