| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘুমন্ত চঞ্চল ভৌমিককে পুড়িয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৬:৩৬:৩৭:অপরাহ্ন  |  ৮৪৭২৭৪ বার পঠিত
ঘুমন্ত চঞ্চল ভৌমিককে পুড়িয়ে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটসংলগ্ন একটি গাড়ির ওয়ার্কশপে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইন্স এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজ করতেন এবং কর্মস্থলেই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভেতরে পেট্রল ও মবিলজাতীয় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরেই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই চঞ্চলের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪