| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদক উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১১:৩৯:২০:পূর্বাহ্ন  |  ১৬০৯২৪৭ বার পঠিত
শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদক উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা। ২৪ জানুয়ারি শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার হাতির টং এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারসি শাড়ি এবং কম্বল পাচারের চেষ্টা করে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারসি শাড়ি এবং কম্বল আটক করে। আটককৃত এসব চোরাই মালামালের মূল্য ৩৯ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।

একই দিন রাতে নালিতাবাড়ী উপজেলার রংগনপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী ও আচকিপাড়া সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি সীমান্ত এলাকা দিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ চোরাচালানকালে জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, শনিবার রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি টহল দল মোট ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারসি শাড়ি, কম্বল, গরু ও মদ আটক করতে সক্ষম হয়। দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪