নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে নাটোরবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জিতাবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এলাকায় দ্রুত উন্নয়ন করবে।
রবিবার(২৫ জানুয়ারি) সকালে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণার এক সভায় দুলু বলেন, এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় পানিতে ডুবে যায়; আগে এমপি বা মন্ত্রী থাকবার সময় আমি এই হালতির বিলের মধ্য দিয়েই সাব-মারসিবল রোড নির্মাণ করিয়েছিলাম। পুনরায় সুযোগ পেলে এই হালতী বিলকে এক ফসলি জমি থেকে আমরা তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্য একটি পৃথক প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
দুলু আরও বলেন, নাটোরের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমরা কাজ করবো। যারা বর্তমানে ক্ষমতায় আছেন, তারা যদি আবারো সুযোগ পায় তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত থাকবে, তাই বদলের সুযোগ এবার মিস করা যাবে না। প্রসঙ্গত, সভায় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মজিবর রহমান, সাইদুর রহমান বিটল সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুলুর আকর্ষণীয় নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রধানত বর্ণিত ছিল, হালতী বিলের সেচ ও অবকাঠামো উন্নয়ন, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা শক্ত করা এবং কৃষকের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ। তিনি মানুষের আস্থা পেতে এবং নির্বাচনী প্রচারণা জোরদার করতে প্রতিদিন গ্রাম্য মিছিল ও জনসভা চালানোর কথা জানান।
রিপোর্টার্স২৪/বাবি