তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাষ্ট্রের সব প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তিনি বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। কেউ কাউকে ভোট দিতে বাধা দিতে পারবে না। ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
রোববার (২৫ জানুয়ারি) তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় নির্বাচনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া উপলক্ষে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসপি মিজানুর রহমান।
তিনি আরও বলেন, ভোট অবশ্যই যোগ্য প্রার্থীকে দিতে হবে—যিনি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। আগামী দিনের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে সঠিক নেতৃত্ব নির্বাচনের ওপর। তাই নেতৃত্ব বাছাইয়ে যেন কেউ ভুল না করেন, সে বিষয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/বাবি