গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুই কর্মচারীকে মারধর করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার হাবিবুর রহমান তার এক সহকারীকে সঙ্গে নিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন।
এ সময় তারা চান্দনা চৌরাস্তার কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং টাকা বহনকারী দুজনকে মারধর করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি হারুন অর রশিদ। তিনি বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি