| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে পুরস্কার ঘোষণা: ঝিনাইদহ জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০০:১৬:২৭:পূর্বাহ্ন  |  ৮৪৯৬৫৩ বার পঠিত
শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে পুরস্কার ঘোষণা: ঝিনাইদহ জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের ঐকান্তিক আগ্রহে আয়োজিত এই সভায় জেলার শিক্ষা পরিবারের সকল স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পাল। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে অংশগ্রহণকারীদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত জানানোর আহ্বান করেন। বক্তারা প্রাণখুলে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। আলোচনায় বিদ্যালয় ব্যবস্থাপনা জোরদার করা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং নিশ্চিতকরণ, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে সকল অংশগ্রহণকারীর বক্তব্য শোনেন। পরিশেষে তিনি শিক্ষকবৃন্দের প্রস্তাবনার আলোকে উৎসাহ প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করার ঘোষণা দেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, ছোট ছোট ভেষজ ও ফলজ বৃক্ষরোপণ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ, ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা হ্রাসে উদ্যোগ গ্রহণ এবং গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যে কোনো ধরনের আর্থিক অনিয়ম ও কেলেঙ্কারির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে গৃহীত সকল ইতিবাচক উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভাটি ঝিনাইদহের শিক্ষা ব্যবস্থার প্রতি জেলা প্রশাসকের আন্তরিক আগ্রহ ও সচেতনতার প্রতিফলন ঘটায় এবং ভবিষ্যতে জেলায় শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪