| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে পেকুয়া–কুতুবদিয়া রুটে চালু হলো আধুনিক সি-ট্রাক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৮:৩৬:০৩:পূর্বাহ্ন  |  ৮৫৯৬৭৯ বার পঠিত
অবশেষে পেকুয়া–কুতুবদিয়া রুটে চালু হলো আধুনিক সি-ট্রাক

কক্সবাজার প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের পেকুয়া–কুতুবদিয়া নৌরুটে অবশেষে চালু হলো আধুনিক সি-ট্রাক সার্ভিস। রোববার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘এসটি ভাষা শহীদ জব্বার’ নামের অত্যাধুনিক সি-ট্রাকটি।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন সি-ট্রাকটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পেকুয়া–কুতুবদিয়া ও কক্সবাজার–মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে সময় ও ভোগান্তি কমবে, পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে।

উপদেষ্টা আরও বলেন, সরকার উপকূলীয় ও দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে এ ধরনের আধুনিক নৌযানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথম দিন দুপুর ১টায় সি-ট্রাকটি পেকুয়ার মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে দেড়টার দিকে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাটে পৌঁছায়। নতুন নৌযানটি এক নজর দেখতে জেটিঘাট এলাকায় বিপুল মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সি-ট্রাকটি পরিচালনা করা হবে। নৌপথে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সি-ট্রাকটির সময়সূচি অনুযায়ী, প্রতিদিন কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট থেকে সকাল সাড়ে ৭টা, দুপুর ১২টা ও বিকেল ৫টায় এবং পেকুয়ার মগনামা জেটিঘাট থেকে সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় যাত্রা করবে ‘এসটি ভাষা শহীদ জব্বার’। ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ১৫ টাকা।

নতুন এই সেবা চালু হওয়ায় পেকুয়া ও কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াতজনিত দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪