কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে মিলিয়ে সর্বমোট ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন। আজ (২৫ জানুয়ারি) রোববার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার অডিটোরিয়াম কক্ষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা (লকিং) করার সময় এ তথ্য জানানো হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
সিলগালা কার্যক্রম শুরুর আগে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে আবেদন করেছেন ১ হাজার ১৫১ জন এবং দেশ থেকে আবেদন জমা পড়েছে ২ হাজার ৪৪৪টি। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২ হাজার ১০৯ জন এবং দেশ থেকে ২ হাজার ৫৩৪ জন আবেদন করেছেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে আবেদন করেছেন ১ হাজার ৩৯১ জন এবং দেশ থেকে আবেদন করেছেন ২ হাজার ২৬১ জন। এ ছাড়া কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটের আবেদন পড়েছে ১ হাজার ৪৫টি। এই আসনে দেশ থেকে আবেদন করেছেন সবচেয়ে বেশি ৩ হাজার ৩০৬ জন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, পোস্টাল ভোট আমাদের কাছে একটি নতুন সংযোজন। আমার কাছে এটি অত্যন্ত চমৎকার একটি ব্যবস্থা মনে হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন