| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসিকে অবরুদ্ধ করে এসআইকে কান ধরিয়ে রাখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা, ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৩:২২:৫৫:অপরাহ্ন  |  ৮৪৪১৪৬ বার পঠিত
ওসিকে অবরুদ্ধ করে এসআইকে কান ধরিয়ে রাখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা, ভিডিও ভাইরাল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসকে পালাতে সহায়তা ও ঘুস নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় এক এসআইকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করার ঘটনাটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তাঁদের একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বেলপুকুরিয়া ও পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সীমানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় বিতর্কে জড়ায়। উভয় থানা ঘটনাস্থল নিজেদের আওতাভুক্ত নয় দাবি করে লাশের দায়িত্ব নিতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। এ সময় ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এই ঘটনার জেরে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বেলপুকুরিয়া থানার ওসিকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখা হয়। দায়িত্বে অবহেলা ও ঘুস গ্রহণের অভিযোগ তুলে এসআইকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়।

ঘটনার প্রতিবাদে কয়েক হাজার মানুষ ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। টানা চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মতিহার জোনের উপকমিশনার (ডিসি)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। বিক্ষোভকারীরা সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানান।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ ঘুস নিয়ে বাসচালককে পালাতে সহায়তা করেছে এমন অভিযোগটি গুজব। তিনি দাবি করেন, দুর্ঘটনার পরপরই বাসচালক ট্রাক নিয়ে পালিয়ে যান এবং পরে একটি পাম্পে বাস রেখে আত্মগোপন করেন।

তিনি আরও জানান, আইনি কাজে বাধা দেওয়া ও পুলিশকে হেনস্থার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪