রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির মারিশ্যা জোনের অধীন ২৭ বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়। সকাল ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।
বিজিবি জানায়, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৩৭ দশমিক ৪ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। এসব কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা।
বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দ করা কাঠের বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কাঠ পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম