বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাগেরহাট সফর ও জেলা জামায়াতের উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম। সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের মতে, আসন্ন জনসভা সাধারণ মানুষের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তারা জনসভা সফলভাবে আয়োজন ও জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও করেন নেতারা।
মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম