| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার মদনে পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২১:৪৮:৩০:অপরাহ্ন  |  ৮৪৫১৯৭ বার পঠিত
নেত্রকোণার মদনে পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন পৌর সদরে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত এক পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। লুট হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে মদন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল খালেকের ছেলে এবং বর্তমানে ঢাকায় কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল কৌশলে পুলিশ পরিদর্শকের ছোট ভাই জাকু মিয়াকে প্রথমে চেতনানাশক ওষুধ সেবন করায়। পরে তাকে অসুস্থ অবস্থায় বাসায় নিয়ে গিয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। জাকু অসংলগ্ন কথা বলতে শুরু করলে তার স্ত্রী নাসরিন আক্তারের সন্দেহ হয়। এ সময় তিনি কথা বলতে চাইলে ডাকাতরা তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দেয়।

একপর্যায়ে ডাকাতরা বসতঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ ছাড়া আশপাশের কয়েকটি বাড়ির গেটেও তালা ঝুলিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা। ঘটনার পর জাকু মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী জাকুর স্ত্রী নাসরিন আক্তার জানান, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক তার স্বামীকে অসুস্থ অবস্থায় বাসার সামনে এনে দরজা খুলতে বলে। স্বামীকে দেখে তিনি দরজা খুলে দিলে তারাও ঘরে ঢুকে পড়ে। এরপর তার দুই হাত বেঁধে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতদের হাতে অস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি দুই থেকে তিনজন ডাকাতকে চিনতে পেরেছেন বলে জানান।

জাকু মিয়া জানান, রোববার রাত ৯টার দিকে চা পান করার পর তাকে গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি আর কিছু মনে করতে পারেননি। রাত ১টার দিকে জ্ঞান ফিরলে তাকে বাসায় আনা হয় এবং সেই সুযোগে ডাকাতরা ঘরে প্রবেশ করে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪