চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনা ঘটে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে,উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে। এসময় এরশাদ উল্লাহ বক্তব্য রাখছিলেন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী জানান, নির্বাচনী প্রচারণার সময় পরিকল্পিতভাবে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, নির্বাচনী প্রচারণা সভা লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় এরশাদ ভাই বক্তব্য রাখছিলেন। আল্লাহর রহমতে কারো ক্ষতি হয়নি। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে জামায়াত শিবির তাদের পূর্বের চরিত্রের কথাই প্রমাণ করেছে। আমরা প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে জোর দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসসি