সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে সোমবার রাত আটটার দিকে জামায়াতের মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ছয় কর্মী গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
আহতরা হলেন, সাকিব সেখ, মঈন উদ্দিন, রিফাত সেখ, রিফাত হোসেন, রানা আহমেদ ও হিমেল সেখ। তারা বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সান্ধ্যকালীন মিছিল শেষে অবস্থান করছিল। তখন পূর্বপরিকল্পনা অনুযায়ী জামায়াতের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে বিষয়টি দেখা হবে।
তবে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতা-কর্মিরাই অপ্রত্যাশিতভাবে জামায়াতের মিছিলে হামলা করেছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শিমুল তালুকদার জানান, আহতদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে এবং আগামীকাল পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি