| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফ্যামিলি কার্ড’কে প্রতারণার প্যাকেজ বললেন নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ০২:১৫:১৩:পূর্বাহ্ন  |  ৮৮০৭১৯ বার পঠিত
‘ফ্যামিলি কার্ড’কে প্রতারণার প্যাকেজ বললেন নাহিদ ইসলাম

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে থাকার আহ্বান আসলে ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনারই ইঙ্গিত। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আগাম ভোট কারচুপির ছক কষছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এসময় তিনি এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ১১ ফেব্রুয়ারি রাত থেকেই ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটে বাধা সৃষ্টি করবে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড মূলত একটি প্রতারণার প্যাকেজ। দেশের প্রকৃত সংকট ফ্যামিলি কার্ড নয়; সংকট হলো অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা। এনসিপি এসব বিষয়কে সামনে রেখে পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছে।

তিনি বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে আনার আহ্বান জানান তিনি। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়; এটি রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।

সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী। বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪