| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৫:০৫:০৮:অপরাহ্ন  |  ৮৭২৫১২ বার পঠিত
ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও গতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরের দিকে তিনি ময়মনসিংহ শহরে পৌঁছান। তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ময়মনসিংহে পৌঁছে তিনি প্রথমে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

এদিকে, ময়মনসিংহ জেলার রাজনৈতিক পরিস্থিতি এবারের নির্বাচনে বেশ জটিল হয়ে উঠেছে। জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। দলীয় সূত্র জানায়, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের অনুসারীদের একটি বড় অংশ জনসভায় অংশ নেয়নি বলেও জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট কোন দিকে যাবে, তার ওপর নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করবে। যেসব প্রার্থী ওই ভোটের সমর্থন পাবে, তাদের জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।

অন্যদিকে, বিএনপি সমর্থকদের দাবি ময়মনসিংহ জেলার বেশিরভাগ আসনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের তেমন শক্ত অবস্থান নেই। শুধু ময়মনসিংহ-ফুলবাড়িয়া আসনে জামায়াত কিছুটা প্রভাব বিস্তার করতে পারে বলে তারা মনে করেন। সমাবেশে অংশ নিতে আসা নেত্রকোণার সুসং দুর্গাপুর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত তারেক রহমান সমাবেশ মঞ্চে উপস্থিত হননি। তবে এরই মধ্যে ময়মনসিংহ শহর ও বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের বড় বড় ছবি ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সব কর্মসূচি শেষ করে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে বিএনপির নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ সাতটি পথসভায় বক্তব্য দেন। পরে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফরে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশ নেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, ময়মনসিংহ সফর শেষে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪