নোয়াখালী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের রাজনীতিতে আর ঠাঁই হবে না। জনগণ তাদের লাল কার্ড দেখাবে। তিনি বলেন, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে রাজনীতি করে, অথচ নিজেরাই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকতাদের মুখে জাতীয়তাবাদের কথা শুনলে হাস্যকর মনে হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, একটি জাতীয়তাবাদী পরিচয়ের দাবিদার রাজনৈতিক দলের প্রার্থীদের বড় একটি অংশই বাংলাদেশের নাগরিক নন। যারা এককভাবে এ দেশের নাগরিক নন, তাদের মুখে জাতীয়তাবাদের বুলি জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস আজ কেবল বইয়ের পাতায় রয়ে গেছে। বাস্তব রাজনীতিতে তার কোনো ছাপ নেই। আমরা দেখেছি, কীভাবে জনগণের টাকা লুট করা ব্যাংক ঋণখেলাপিদের একের পর এক মনোনয়ন দেওয়া হয়েছে। এরা আবার ক্ষমতায় গিয়ে জনগণের অর্থ লুট করার অপেক্ষায় আছে।
জনগণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা কি আবার ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের হাতে রাষ্ট্র তুলে দেব? আমরা কি তাদের ভোট দিয়ে নিজেদের ওপর শাসন করার সুযোগ দেব?
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা কৃষক ও শ্রমিকদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। পাঁচ বছর ক্ষমতায় থেকেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নতুন নতুন কার্ডের গল্প শোনালেও মানুষ জানে, এসব কথার কোনো বাস্তবতা নেই।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, একটি দল নিজেদের সংস্কারের জনক বলে দাবি করে। অথচ তারা মাঠে নেমে ভোট চায়, সমাবেশ করে—কিন্তু তাদের দলীয় প্রধানের মুখে একবারও সংস্কার বা গণভোটের কথা শোনা যায় না। একদিকে মুখে সংস্কার, অন্যদিকে ভোটের রাজনীতি এই দ্বিচারিতা জনগণ ইতোমধ্যে চিনে ফেলেছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন, সেনবাগেও পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এবার যদি একজন নাগরিককেও ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা চুপ করে থাকব না। যেখানে ভোটাধিকার বাধাগ্রস্ত হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, এবার বাংলাদেশের কোনো নাগরিক ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না এই লড়াই আমরা জিতবই।
এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম