কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলো হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই দুই কিশোর নাফ নদীতে মাছ ধরছিল। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতরে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়।
রিপোর্টার্স২৪/এসসি