শেরপুর প্রতিনিধি: শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক শেরপুর কৃষি শিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞানার্জন এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধিতে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুরের অধ্যক্ষ ড. সালমা লাইজু; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ; উপপরিচালক (কৃষি) মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
রিপোর্টার্স২৪/এসএন